Logo

রাজধানী

মোহাম্মদপুরে মসজিদে দান করা জমি দখলের পাঁয়তারা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:৪৪

মোহাম্মদপুরে মসজিদে দান করা জমি দখলের পাঁয়তারা

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও বছিলা এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে জোরপূর্বক জমি দখল ও আবাসিক স্থাপনা ভাঙচুরের ঘটনা বেড়েই চলেছে। এবার স্থানীয় প্রভাবশালী একটি অপরাধী চক্র মসজিদে দান করা জমি দখলের উদ্দেশ্যে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের কাটাশূর বেড়িবাধ এলাকায় হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদে এই ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাই জাফরাবাদ মৌজার প্রায় চার কাঠা জমির মালিক ওয়ারিশসূত্রে মরহুম হাজী লাট মিয়ার স্ত্রী জবেদা খাতুন ও তাদের তিন সন্তান। ২০২২ সালে ২৮ এপ্রিল তারা এই জমি হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদের নামে ওয়াকফ রেজিস্ট্রি সূত্রে দান করে দেন। পরে ওই জমিতে মসজিদ ভবন নির্মাণ করা হয়। এতে প্রতিদিন শত শত এলাকাবাসী নামাজ আদায় করে আসছেন।

কিছুদিন ধরে স্থানীয় চিহ্নিত একদল ভূমিদস্যু মসজিদে দান করা এই জমির মালিকানা দাবি করে মসজিদকমিটি ও নামাজ পড়তে আসা মুসল্লিদের হুমকি-ধামকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে মসজিদের জমি দখলের উদ্দেশ্যে তারা অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে মসজিদের টিনশেড ভবনে ভাঙচুর চালায়। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেনে, থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। মসজিদ ও মুসল্লীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন