Logo

রাজধানী

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৭:২৩

অ
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে হত্যাচেষ্টা করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২-এ নগর ভবনের পেছনের রাস্তায় ব্যাটমিন্টন খেলার সময় ডেকে নিয়ে তার বুকে ও হাতে ছুরিকাঘাত করা হয়। তবে হামলাকারীর পরিচয় জানা যায়নি। মাঠে থাকা নগর ভবনের অন্য কর্মকর্তারাও হামলাকারীর পরিচয় নিশ্চিত হতে পারেননি। 

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নাহিদ উল মোস্তাক বাংলাদেশের খবরকে বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে মকবুল হোসাইনের ওপর হামলার ঘটনা ঘটে। জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। যে কারণে বেশিকিছু বলতে পারছি না। তবে তিনি বলেন, মকবুল হোসাইনের একটি অপারেশন হয়েছে গতকাল রাতে। আজ বুধবার আরেকটি অপারেশন হবে বলে শুনেছেন তিনি।   

ঘটনাস্থলে থাকা ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব) বাংলাদেশের খবরকে বলেন, আমরা নগর ভবনের পেছনে ব্যাটমিন্টন খেলছিলাম। এরই মধ্যে অপরিচিত একজন লোক এসে জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ডেকে নিয়ে যান। তেরপালের অপর পাশে পাঁচ মিনিটের মতো কথাও বলেছিলেন তারা। এরপর আকস্মিক মকবুল হোসাইনের বুকে ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই লোক। 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে তাকে তাৎক্ষণিক ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। রাতে একটি অপারেশন হয়েছে। আজ বুধবার সকালে দ্বিতীয় অপারেশনটি হয়।  

হামলাকারীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীকে ঘটনাস্থলে থাকা কেউই চিনতে পারেননি। তবে পুলিশকে জানানো হয়েছে। গতকাল মামলা হয়নি। আজ গুলশান থানায় মামলা হওয়ার কথা রয়েছে। 

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আরাফাত খান বাংলাদেশের খবরকে বলেন, হামলাকারীর পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। গতকাল ডিএনসিসির কর্মকর্তারা এসেছিলেন জানিয়ে তিনি বলেন, মামলার বাদি কে হবেন, এ নিয়ে মামলা দায়েরে দেরি হচ্ছে। তবে আজ তাদের (ডিএনসিসির কর্মকর্তারা) আসার কথা রয়েছে। আজ মামলা হতে পারে। জানতে চাইলে তিনি বলেন, ঘটনার কারণ ও হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন