Logo

রাজধানী

৪৪ প্রতিষ্ঠানের ৩২৩ স্টল নিয়ে শুরু হচ্ছে জাতীয় ফার্নিচার মেলা ২০২৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৪০

অ
৪৪ প্রতিষ্ঠানের ৩২৩ স্টল নিয়ে শুরু হচ্ছে জাতীয় ফার্নিচার মেলা ২০২৬

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে এই মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ও রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। এটিকে দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন হিসেবে বিবেচনা করা হয়।

৪৪ প্রতিষ্ঠান, ৩২৩ স্টল

আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি) জুড়ে সাজানো হচ্ছে প্রদর্শনী এলাকা। এবারের মেলায় ৪৪টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে তাদের পণ্য ও নকশা তুলে ধরবে।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ দেশের নামী ব্র্যান্ডগুলো।

শুধুই দেশে তৈরি পণ্য, ছাড় ১৫ শতাংশ পর্যন্ত

আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল জানান, মেলাটি সম্পূর্ণ দেশীয় ভোক্তাকেন্দ্রিক। এখানে কেবল দেশে তৈরি ফার্নিচার প্রদর্শিত হবে, কোনো আমদানিকৃত পণ্য থাকবে না। তিনি বলেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এবার নতুন নকশা নিয়ে হাজির হচ্ছে, যা নির্মাতাদের জন্য নিজেদের উদ্ভাবন দেশবাসীর সামনে তুলে ধরার বড় সুযোগ। বিক্রি বাড়াতে ক্রেতারা পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।

উদ্বোধনী অনুষ্ঠান

২৭ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে আইসিসিবির হল-৪ (নবরাত্রি)-এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। প্রধান অতিথি থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মোঃ ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান। বক্তব্য দেবেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ ইলিয়াস সরকার, মহাসচিব এ করিম মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান। সকাল ১১টা ৩০ মিনিটে প্রধান অতিথি মেলার উদ্বোধন ঘোষণা করবেন।

শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উদ্বোধনী দিনেই শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির শিশুরা অংশ নেবে ‘ক’ গ্রুপে, আর পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিশুরা ‘খ’ গ্রুপে। বেলা ২টায় নিবন্ধন শুরু হবে, প্রতিযোগিতা শুরু হবে বিকেল ৪টায়। ২০ জন শিশুকে পুরস্কৃত করা হবে, যার মোট অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা।

দর্শনার্থীদের জন্য তথ্য

তারিখ: ২৭ থেকে ৩১ অক্টোবর (মঙ্গলবার থেকে শনিবার)

সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা

স্থান: আইসিসিবি, বসুন্ধরা, ঢাকা

প্রবেশমূল্য: কোনো টিকিট লাগবে না


বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন