Logo

রাজধানী

থানা থেকে সাবেক ওসির পলায়ন : বর্তমান ওসি ক্লোজড

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৪২

অ
থানা থেকে সাবেক ওসির পলায়ন : বর্তমান ওসি ক্লোজড

জুলাই-আগস্টের হত্যা মামলায় গ্রেপ্তারের পর আদালতে সোপর্দের আগেই থানার ওসির কক্ষ থেকে রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশের সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মহিবুল্লাহকে ক্লোজ করা হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ক্লোজ করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় শুক্রবার সকালে থানার উপ-পরিদর্শক সাজ্জাদকেও সাসপন্ডে করা হয়েছিল।

অন্যদিকে পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে যৌথ বাহিনী এখনো অভিযান পরিচালনা করছে। সকালের দিকে রেড অ্যালার্টও জারি করে পুলিশ সদর দপ্তর। 

বুধবার (৮ জানুয়ারি) বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় শাহ আলমকে। পরদিন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে লাপাত্তা হয়ে যান তিনি। উত্তরা পূর্ব থানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতির মধ্যেই শাহ আলম পালিয়ে যান বলে জানিয়েছিলেন ওসি মহিবুল্লাহ। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময় ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে আসামি করা হয়। 

এর আগে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়।  

তিনি আরও জানান, ওই মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলা কারণে দায়িত্বরত একজন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাসপেন্ড করা হয়েছে।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন