Logo

রাজধানী

রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিবকে সরাতে আন্দোলনের হুঁশিয়ারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২০:৪০

অ
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিবকে সরাতে আন্দোলনের হুঁশিয়ারি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্ত রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সহকারী সচিব ডা. মো. সাইফুল ইসলামকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ নামের একটি সংগঠন। রোববার (১২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। এ সময় তাকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চের সদস্যসচিব ডিকে সোলায়মান, আহ্বায়ক জাকি সুমন ও যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন। 

ডিকে সোলায়মান বলেন, ‘আমাদের হাতে বিভিন্ন দালিলিক প্রমাণ এসেছে। এতে দেখা গেছে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ডা. সাইফুল ইসলামকে বঙ্গবন্ধুর সৈনিক ও তার পরিবারের সবাইকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় হিসেবে প্রত্যায়ন করা হয়েছে। এ ছাড়াও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালীর সুপারিশও নিয়েছেন ডা. সাইফুল ইসলাম।’

তিনি বলেন, ‘তারা সবাই ডা. সাইফুল ইসলামকে সহকারী সচিব থেকে উপসচিব পদে প্রমোশনের জন্য সুপারিশ করে গেছেন। তিনি সহকারী সচিব থাকাকালীন আওয়ামী লীগের মন্ত্রী-এমপির সুপারিশে অনুষদের সাথে সম্পর্কিত নয় এমন বিষয়ে সার্জারিতে কোর্স করার জন্য প্রেষণে ছুটি নেন। কিন্তু তিনি কোর্স সম্পন্ন না করায় অনুষদে অভিজ্ঞতা না থাকায় অনুষদের পদোন্নতি কমিটি তার পদোন্নতিতে অপারগতা প্রকাশ করেন। এরপরও তিনি ফ্যাসিস্ট সরকারের প্রভাব খাটিয়ে পদোন্নতির সুপারিশ করান।’

সোলায়মান আরও বলেন, ‘এত এত দালিলিক প্রমাণ থাকার পরও তিনি কী করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন? তাকে অবশ্যই রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে টেনেহিঁচড়ে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।’

ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চের আহ্বায়ক জাকি সুমন বলেন, ‘আমরা সময়ক্ষেপণ চাই না। সচিবালয়ে ফ্যাসিস্টদের লাগানো ভয়াবহ আগুনের কথা আমরা জানি। ডা. সাইফুল ইসলামের মতো ভারত ও আওয়ামী লীগের দালাল যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, আবার বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগবে। তারা সরকারকে বিপদে ফেলার জন্য ওঁৎ পেতে আছে। সাইফুল ইসলামকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনে যাব আমরা।’

এনএমএম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন