বাংলাদেশ আই হাসপাতালে ভুল অপারেশনের অভিযোগ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৩১
রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে দেড় বছর বয়সী এক শিশুর চোখে ভুল অপারেশনের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বাম চোখে সমস্যা থাকা সত্ত্বেও ভুল করে ডান চোখে অপারেশন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শিশুটির অভিভাবকরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বাম চোখে অপারেশনের সিদ্ধান্ত নেন। কিন্তু অপারেশন শেষে পরিবারের সদস্যরা দেখেন, বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করা হয়েছে।
এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে শিশুটির বাবা বলেন, ‘আজকে আমাদের পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটে গেলো। এটা যদি বড় কোনো ধরনের অপারেশন হতো তাহলে আমরা এখন মাত্র দেড় বয়সী শিশুকে নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দৌড়াদৌড়ি করতে হতো। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে হাসপাতালের প্রধান নির্বাহী বলেন, ‘ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। অপরাধী যেই হোক না কেনো অভিযোগ পেলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন ও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এসআইবি/এটিআর

