বরিশালের সেই দগ্ধ পুলিশ কর্মকর্তা ঢাকার বার্ন ইনিস্টিউটে মারা গেছেন
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:৫৯
ছবি : সংগৃহীত
বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় আসামি গ্রেফতারের চেষ্টাকালে দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান (৩৩) রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মেহেদী হাসান বরিশালের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন। বরগুনা জেলার তালতলী উপজেলার হাওলাদার বাড়ির মো. জানে আলম ও হামিদা বেগমের ছেলে তিনি। তার স্ত্রীর নাম সাকিবা আক্তার ফাতিমা।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি এয়ারপোর্ট থানা এলাকায় টহল ডিউটি থাকাকালীন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টাকালে ইটেরভাটায় দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন মেহেদী। তৎক্ষণিক তাকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পর দিন ৭ জানুয়ারি রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাড়ির উপপরিদর্শক এসআই মো, মাসুদ জানিয়েছেন মৃতদেহটি বার্ন ইনিস্টিউটের মর্গে রাখা হয়েছে।
আমিনুল/বিএইচ

