ঘন কুয়াশায় চাদরে রাজধানী, দুর্ঘটনায় প্রাণ গেল চালকের
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৪
সংগৃহীত ছবি
ঘন কুয়াশার কারণে রাজধানীর ডেমরায় সড়কে দাঁড়িয়ে থাকা এক কাভার্ডভ্যানকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মো. হৃদয় (৩০) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। দুই গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- মো. নাজমুল (৪৫), মো. বাবু (২৩) ও মো. শারফিন (৬০)। প্রাথমিকভাবে তাদের বাড়ি নরসিংদী বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার। তিনি বলেন, শুক্রবার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের সড়কে একটি কাভার্ড ভ্যান কোনো যান্ত্রিক ত্রুটির দাঁড়ানো ছিল। ওই সময় আরেকটি দ্রুতগতির কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় এতে দাঁড়িয়ে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন উভয় গাড়ির তিনজন।
তিনি বলেন, তাদেরকে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়।
এসআই বলেন, ভোরে ঘন কুয়াশা থাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা তদন্তের পর বলা যাবে।
এআইবি/ওএফ

