ঢাকার রাজপথে ঝরল ব্যাংক কর্মকর্তার প্রাণ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৪:১৮
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মধ্যে চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশা। এতে অটোরিকশার যাত্রী জাকির হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ছিলেন।
রোববার (১৭ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার চালক গুরুতর আহত হন। নিহত ব্যাংক কর্মকর্তা জাকির ফেনীর দাগনভুইয়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহ।
জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে পেঁয়াজবাহী ট্রাকের সাথে ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপা পড়ে। এতে অটোরিকশার যাত্রী ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন ও চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬টায় কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত চালক চিকিৎসাধীন রয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, ‘আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত ব্যক্তির মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
আরআর/এআই/এমইউ

