মৌখিক পরীক্ষা ‘ইচ্ছাকৃতভাবে’ স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। বেলা ১১ টার পর থেকে সেখানে অবস্থান নেন চাকরি প্রত্যাশীরা।
রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। ফলে পেট্রোবাংলার ভেতরে আটকা পড়েছেন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মচারী।
আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা বলেন , পেট্রোবাংলা ২০২২ সালে কর্ণফুলী গ্যাস কোম্পানিতে একটা চাকরির সার্কুলার প্রকাশ করে। এতে আমরা লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি এবং ১৭ ক্যাটাগরির মধ্যে ১৬ ক্যাটাগরির ভাইভা সম্পন্ন করা হয়েছে। কিন্তু অজানা এক কারণে প্ল্যান্ট অপারেটর পদের একটি ক্যাটাগরির ভাইভা তিনবার স্থগিত করা হয়েছে। এ বিষয়ে গত ২৩ অক্টোবর আমরা পেট্রোবাংলার সামনে মানববন্ধন করেছি। কিন্তু কোনো সমাধান পাইনি। আজ একই দাবি নিয়ে আমরা আবার এসেছি। এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।
দাবি আদায় না হলে অনশন কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
এ বিষয়ে পেট্রোবাংলার পরিকল্পনা পরিচালক মো. আব্দুল মান্নান পাটওয়ারী বলেন, ‘বন্যা পরিস্থিতি এবং বন্যায় আহত শিক্ষার্থীদের আবেদনের কারণে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই স্থগিত মৌখিক পরীক্ষা নিয়ে সব ধরনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
এনকেবি/ওএফ/এমআই

