মহাখালীতে তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, বিজিবি মোতায়েন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২
রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তারা রেললাইন অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘তিতুমীরকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে হবে। না হলে আমরা রেললাইন ছাড়ব না।’
এর আগে বেলা সোয়া ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারি তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ের দিকে অগ্রসর হন। এ সময় তিনজন অনশনকারী শিক্ষার্থীকেও হুইলচেয়ারে করে নেওয়া হয়।
রেললাইন অবরোধে গিয়ে এক শিক্ষার্থী মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না দিলে আমরা রেললাইন ছাড়ব না।’
সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে ওই শিক্ষার্থী বলেন, ‘রাষ্ট্র আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে।’
বিকেল পৌনে ৪টার দিকে অনশনকারী শিক্ষার্থীরা প্রথমে রেললাইনে শুয়ে পড়েন। পরে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেন। এ সময় কমলাপুরের দিক থেকে একটি ট্রেন আসতে দেখলে শিক্ষার্থীরা ট্রেনটি লাল নিশানা দেখিয়ে থামান।
এর আগে দুপুর ১২টার দিকে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে গুলশান লিংক রোড অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের ওপর বাঁশ ফেলে অর্ধশতাধিক শিক্ষার্থী যানচলাচল বন্ধ করে দেন।
এর আগে, গতকাল রাত ১১টায় সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ব্যারিকেড (অবরোধ) কর্মসূচি পালনের ঘোষণা দেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেল গেট, আমতলী মোড়, গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে।
- এনএমএম/ওএফ

