‘বাংলাদেশের সব কাজ বাংলায় হবে, তা নিশ্চিত করতে হবে’
সবকিছুর নাম বাংলায় করার দাবি সলিমুল্লাহ খানের
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৩:০৩
বাংলাদেশের সব কাজ বাংলায় হবে, তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘বাংলাভাষা রাষ্ট্রের কোনো কাজেই ব্যবহার করা হয় না।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলা এখন আন্তর্জাতিক দিক থেকেও প্রায় বিলুপ্ত ভাষা। কিছুদিন আগে বিবিসি বাংলা রেডিও বন্ধ করে দিয়েছে। আমাদের উচিত আগে বাংলাদেশের সব কাজ বাংলায় হবে, এটা নিশ্চিত করতে হবে। সবকিছুর নাম বাংলায় করতে হবে। রাষ্ট্রভাষা যেহেতু বাংলা, আমাদের সব কিছু বাংলা হতে হবে।’
সলিমুল্লাহ খান বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা বিদেশে যায়, কারণ আমরা তাদের জন্য এখনও কোনো আশার প্রদীপ জ্বালাতে পারিনি। আমাদের মানবাধিকারের আগে নাগরিকদের অধিকারের কথা বলতে হবে। মানবাধিকার নিশ্চিতের প্রথম শর্ত সবাইকে আইনের অধীনে থাকতে হবে।’
পশুকেও নির্যাতন করা অন্যায় উল্লেখ করে এই অধ্যাপক বলেন, ‘আমরা সমতাভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সমতা অথবা ন্যায়। আমাদের লক্ষ্য হবে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। পশুকেও নির্যাতন করা অন্যায়। কোনো মানুষকে যদি আপনি মানুষ মনে করেন তাহলে আর অন্যায় করবেন না।’
তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে আমি চাই না কোনো ধর্মকে নিপিড়ন করা হোক। বাংলাদেশ ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে সবার।’
শ্রমিকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মজুরি সংস্কার কমিশন এখনো হয়নি, এটা করা দরকার। যারা আমাদের দেশের ভিত্তি, তাদের মজুরি নিশ্চিত করতে হবে। আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই। ১৮ হাজারের নিচে আয় যদি ধরা হয়, তাহলে প্রকৃতপক্ষে ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।’
এমইউ

