আন্দোলন স্থগিতের ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৪:২৪
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ের জন্য কমিটি গঠন করবে সরকার। এমন আশ্বাসের ভিত্তিতে আপাতত রাজপথে ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে কলেজ ক্যাম্পাস ভিত্তিক অন্যান্য ক্যাম্পেইন চলমান থাকবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক ও তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।
তিনি বলেন, আজকে বিকেলে সরকারের পক্ষ থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম তিতুমীর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তিতুমীর কলেজের ১৪ জন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন। সেখানে তিনি বলেছেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা ফিজিবিলিটি টেস্ট করবেন। সে আশ্বাস অনুযায়ী আপাতত রাজপথের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কলেজে ভিত্তিক বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।
সম্প্রতি, তিতুমীর কলেজ শিক্ষার্থীরা তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।
৩. এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।
রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
ডিআর/এনকেবি/এমএইচএস

