Logo

রাজধানী

হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদল নেতার মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৩

অ
হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদল নেতার মৃত্যু

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া (৪০) মারা গেছেন। বুধবার (২০ নভেম্বর) ভোর ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জিয়া হাজারীবাগের ভাগলপুর লেনের মৃত আফতাব উদ্দিনের ছেলে।  

এর আগে গত ১৫ নভেম্বর রাতে হাজারীবাগ এনায়েতগঞ্জ এলাকায় একটি মিলাদ মাহফিল শেষে বাড়িতে ফেরার পথে বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সোয়া ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার বুধবার ভোরে তিনি মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো  হয়েছে।’

নিহতের ভাগনী নাফিসা আক্তার ঢামেক মর্গে সাংবাদিকদের জানিয়েছেন, তার মামা জিয়া ঠিকাদারি ব্যবসা করতেন। হাজারীবাগ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

তিনি আরও জানান, ঘটনার দু'দিন আগে খুনিরা একই এলাকার একটি ছেলেকে মারধর করে। বিষয়টির প্রতিবাদ করেছিলেন জিয়ার ভাগিনা এলহাম। এতে তারা এলহামের উপর ক্ষিপ্ত হয়। পরে এলহাম আরও শিক্ষার্থীদের নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে চরম বিরোধের সৃষ্টি  হয়। খুনিদের ধারণা ছিল, জিয়ার ইন্ধনে তারা এসব করেছিল। এ সমস্ত ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার  রিপন, মাসুদ, সুমন, বিল্লালসহ আরও বেশ কয়েকজন জিয়ার উপর হামলা করে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। 

নাফিসা আক্তার বলেন, ‘খুনিরা এলাকার বখাটে সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো মামাকে। আমরা এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এআই/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন