ডিএসইর সাবেক পরিচালক লাইলুন নাহার ইকরাম মারা গেছেন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক ও ডিএসই ট্রেকহোল্ডার কোম্পানি ASENZ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস লাইলুন নাহার ইকরাম মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টায়, ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন।
মিসেস লাইলুন নাহার ইকরামের মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
১৯৯০ সালের ১৪ নভেম্বর আমিন মো. তৌফিকের শেয়ার হস্তান্তরের মাধ্যমে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন। এরপর তিনি ২০০৮ সালের মে মাস থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত ডিএসইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুঁজিবাজারের পাশাপাশি স্থাপত্য ক্ষেত্রেও তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ইঞ্জিনিয়ার্স এন্ড কনসালটেন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার নকশায় নগর ভবন, আর্মি কেন্দ্রীয় মসজিদ, এলজিইডি ভবনসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মিত হয়েছে।
নারী উদ্যোক্তা হিসেবে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৯৭-১৯৯৮ সালে ‘উইমেন্স এন্টারপ্রেনার্স এশিয়া’ অঞ্চলের ‘প্রিয়দর্শিনী’ পুরস্কার লাভ করেন। ১৯৯৮ সালের ১৪ নভেম্বর ভারতের প্রগতি ময়দানে এক আন্তর্জাতিক সম্মেলনে ভারতের বাণিজ্যমন্ত্রী শ্রী রামকৃষ্ণ হেগড় এই পুরস্কার তুলে দেন।
তিনি এশিয়ান ডেভেলপমেন্ট টেকনোলজি সেন্টারের প্রেসিডেন্ট, মাইডাস ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (DCCI) বিরাষ্ট্রিয়করণ, বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগ কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জানাজার সময়সূচি
প্রথম জানাজা : বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) বাদ আসর, তাকওয়া মসজিদ, ধানমন্ডি, ঢাকা।
দ্বিতীয় জানাজা : বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) বাদ জোহর, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদ।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এএইচএস/এমএইচএস

