Logo

রাজধানী

মেয়েকে চুরির অপবাদ দিয়ে মাকে মারধর, হাসপাতালে মৃত্যু

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১

অ
মেয়েকে চুরির অপবাদ দিয়ে মাকে মারধর, হাসপাতালে মৃত্যু

রাজধানীর মুগদায় চুরির অপবাদ দিয়ে এক নারীকে মারধরের পর তার মৃত্যু হয়েছে। নিহতের নাম আয়েশা বেগম (৫৫), তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।  

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মুগদা থানার মানিক নগর প্রফেসর গলি পাবলিক টয়লেট সংলগ্ন একটি বাসায় আয়েশা বেগমকে মারধর করা হয়। সেখানেই তিনি আহত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

নিহতের মেয়ে রুমি আক্তার জানান, তার মা শাকসবজি এবং কাপড় ফেরি করে অর্থ উপার্জন করতেন। তিনি বলেন, ‘মানিক নগরের ওই বাসায় মাঝেমধ্যে যেতাম, কারণ সেখানে সুদের ব্যবসা চলতো। সম্প্রতি ওই বাসার লোকজন আমাকে চুরির অপবাদ দিযে আমার মা’কে ডেকে নিয়ে মারধর করে। প্রতিবাদ করার পর তারা মাকে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়।’ 

রুমি আরও বলেন, ‘ পরে আমি ঘটনাস্থলে গিয়ে মাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করি, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা।’  

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’  

আয়েশা বেগম কুমিল্লার মেঘনা উপজেলার বুইড়ারচর গ্রামের বাসিন্দা শফিক মিয়ার স্ত্রী। মৃত্যুর আগে মুগদা দক্ষিণ মান্ডায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। 

এআইবি/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন