Logo

রাজধানী

জুলাই আন্দোলনে মামুন হত্যা, আ.লীগ নেতা সদরুল গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৬

অ
জুলাই আন্দোলনে মামুন হত্যা, আ.লীগ নেতা সদরুল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহবুব হাসান মামুন হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের সক্রিয় নেতা সদরুলকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জের ঢাকা পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১০। গ্রেপ্তারের পর রাতেই কাফরুল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

কাফরুল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার সদরুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে মামুন হত্যা মামলা ছাড়াও ঢাকার বিভিন্ন থানায় গোলাগুলি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দলোন চলাকালে ১৯ জুলাই বিকেলে মিরপুর বিআরটিএর সামনে আন্দোলনরতদের ওপর অতর্কিত গুলি চালায় সদরুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সেখানে বুকে গুলিবিদ্ধ হন মামুন। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় জাতীয় অর্থোপডিক হাসপাতাল ও পুনর্বাসন সেন্টারে (নিটোর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মামুনের স্ত্রী এ ঘটনায় ১৬১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামি পতিত সরকারের প্রধান শেখ হাসিনা, দ্বিতীয় আসামি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

জানতে চাইলে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ উল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, মঙ্গলবার র‍্যাব-১০ এর সদস্যরা মামুন হত্যা মামলার আসামি সদরুলকে গ্রেপ্তার করে। গতকাল রাতেই কাফরুল থানায় হস্তান্তর করে। 

তিনি বলেন, আমরা তাকে আদালতে নিয়েছি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন বাকিটুকু তদন্ত শেষে বলা যাবে।

তার বিরুদ্ধে ৫ আগস্টের পরে বিএনপি নেতা ও প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি চেক প্রতারণা মামলা রয়েছে। যার নং-৮৮৮/২০। পাশাপাশি রাজধানীর চকবাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

  • এনএমএম/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন