সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:৩৯
কলেজ বাসে হামলা-ভাঙচুরকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় সংঘর্ষ শুরু হয়। এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ।
এ ঘটনায় সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলচাল বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরপরই একপক্ষ আরেকপক্ষকে ধাওয়া করছে, ইটপাটকেল ছুড়ছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। অপরদিকে, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের প্রধান ফটকের সামনে রয়েছেন।
সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের চারজন আহত হয়েছেন। তারা হলেন, মো. শাহরিয়ার (২২), মোহাম্মদ নূর হোসেন (২৪), মোহাম্মদ তুষার (১৮) ও অনিম (২১)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগের দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের একটি বাসে সায়েন্সল্যাব এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের বাসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালান।
ডিআর/এমজে/এনআর

