পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে ভাইবোন গুলিবিদ্ধ
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৭
রাজধানী পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) ও মোছা. শাহিনুর বেগম নামে দুজন আহত হয়েছেন। আহত দুজন সম্পর্কে ভাইবোন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের গুলিবিদ্ধ অবস্থায় ভোর সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
এ প্রসঙ্গে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো, ফারুক জানান, আহত দুজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
আহতের ভগ্নিপতি আমির হোসেন জানিয়েছেন, তার শ্যালক জসিম টিভি শো-রুমের ব্যবসায়ী। শনিবার ভোরের দিকে শবে বরাতের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। তার অভিযোগ, এ সময় বাসার সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল জসীমউদ্দীনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জসিম উদ্দিনের ডান এবং বাম পায়ের হাঁটুর ওপরে দুটি গুলি লাগে ।
এ সময় তার বোন শাহিনুর বেগম ভাইকে বাঁচাতে এগিয়ে এলে শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে বলেও জানান আমির হোসেন। পরে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৬টার পর তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
আমিনুল/বিএইচ

