বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল যুবকের
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০২:২০
প্রতীকী ছবি
বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন এলাকায় রাস্তার গর্তে পড়ে মো. সজিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা অপর যাত্রী নিশান গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত সজিবের বাড়ি ডেমরার সারুলিয়ায়। তিনি খেলাধুলা সামগ্রী বিক্রয় কেন্দ্রে চাকরি করতেন।
জানা গেছে, বুধবার রাতে তাদের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল পুরান ঢাকায়। সেখান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে আরেক মোটরসাইকেলে থাকা বন্ধু মুজাহিদ তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আহত নিশান চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সজিবের বন্ধু মুজাহিদ বলেন, আমরা অনুষ্ঠান শেষে টিএসসিতে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। চা খেয়ে বন্ধু নিশানকে চাঁনখারপুল নামিয়ে দিয়ে বাড়ি ফেরার কথা ছিল। যাওয়ার পথে টিএসসি মেট্রো স্টেশনের পাশে মন্দিরের গেটের কাছে রাস্তায় গর্ত ছিল। ওই গর্তে পড়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করেছি।’
এআইবি/এমআই

