মিরপুর ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৩
রাজধানীর মিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ কামাল রানা (৩০) নামে এক যুবক মারা গেছে। এই ঘটনায় আরোহী বন্ধু কাজি ফেরদৌস (৩৫) আহত হয়েছে।
রবিবার সন্ধ্যা সারে ১১টার দিকে মিরপুর ২ নম্বর সেকশন সনি সিনেমা হলের পাশে রাস্তায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যান তিনি।
ঢাকা মেডিকেলে মৃত নাহিদের বাবা লিটন হোসেন বলেন, তাদের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মুন্সিনগর গ্রামে। বর্তমানে দারুসসালাম লালকুঠি এলাকায় থাকেন। নাহিদ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। রাতে জানতে পারেন যে, মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ ও তার বন্ধু আহত হয়েছেন। তাদের মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. শামসুদ্দোহা বলেন, রাতে মিরপুর ২ সেকশন থেকে মোটরসাইকেল যোগে মিরপুর ১ নম্বর সেকশনের দিকে যাওয়ার সময় সনি সিনেমা হলের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে নাহিদ নামে একজন মারা যান। আহত তার বন্ধু কাজী ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে হাতিরঝিল থানাধীন মগবাজার ইনসাফ হাসপাতালে পাশে ফ্লাইওভারের উপরে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত মহিলা (৫০) ঘটনাস্থলে মারা যান।
সংবাদ পেয়ে হাতির ঝিল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ভোর সাড়ে পাঁচটায় তার মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠান। তিনি বলেন, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। ঐ নারী ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।
এআই/এমএইচ

