মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে স্বর্ণের চেন ছিনতাই
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪৩
ছবি : সংগৃহীত
রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় বাসার সামনে মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমড়া গ্রামের জয় কুমার হালদারের স্ত্রী সাথী রানী হালদার (৩৫)। এবং তাদের শিশু সন্তান বিজয়িনী (২)।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে মেয়ে বিজয়িনীকে নিয়ে বাড়ির বাহিরে সেলুনে চুল কাটিয়ে ফেরার পথে এক যুবক তাদের পিছু পিছু আসে। এবং কৌশলে মা ও শিশুকে এসিড নিক্ষেপ করে। সাথী রানীর গলায় থাকা স্বর্ণের চেনটি ছিনিয়ে নিয়ে ওই যুবক দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধ সাথী রানীর শরীরের ১৩ শতাংশ ও তার দুই বছরের মেয়ে বিজয়িনীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। দুজনের অবস্থাই গুরুতর।
এআইবি/এমআই

