সোনালী ব্যাংকের ট্রেজারিতে সিবিএস অটোমেশন লাইভ উদ্বোধন
বিজনেস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮
সোনালী ব্যাংক পিএলসি কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) এর মাধ্যমে ট্রেজারি কার্যক্রমের পূর্ণাঙ্গ অটোমেশন সম্পন্ন করেছে। এর ফলে ফরেন এক্সচেঞ্জ, সরকারি সিকিউরিটিজ এবং মানি মার্কেটসহ ব্যাংকের সকল ট্রেজারি কার্যক্রম ডিজিটাল ও রিয়েল টাইমে সম্পন্ন হবে।
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক প্রথম যা পূর্ণাঙ্গভাবে সিবিএসের মাধ্যমে ট্রেজারি কার্যক্রম পরিচালনা শুরু করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে সিবিএস অটোমেশন উদ্বোধন করেন এমডি ও সিইও মো. শওকত আলী খান।
তিনি বলেন, ‘আজ সোনালী ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের ব্যাংকিং খাত আধুনিকায়নের পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। ট্রেজারি কার্যক্রম ব্যাংকের সাফল্যের মূল চালিকা শক্তি। সিবিএসের মাধ্যমে ট্রেজারি অটোমেশন লাইভ হওয়ায় সোনালী ব্যাংক আরও এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে সক্ষম হবে।’ তিনি অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, ব্যাংকের সাবসিডিয়ারি সোনালী ইন্টেলেক্টের নির্বাহীবৃন্দ এবং ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এআরএস

