Logo

কর্পোরেট

ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৩

ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান

ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’র অংশ হিসেবে এবং বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিডিডিএন) সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এ মেলায় ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তি চাকরির সুযোগ পান।

মেলায় ৬০০-র বেশি নিবন্ধিত চাকরিপ্রার্থী ও ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। ম্যানুফ্যাকচারিং, রিটেইল, ব্যাংকিং, আইসিটি, টেক্সটাইল ও উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান সেখানে উপস্থিত ছিল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বার্জার পেইন্টস, উর্মি গ্রুপ, টিম গ্রুপ, শিন শিন গ্রুপ, সাজিদা ফাউন্ডেশন, এ সি আই লজিস্টিকস (স্বপ্ন), এম. এম. ইস্পাহানি, ব্র্যাক ব্যাংক ও বি-স্ক্যানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ বলেন, উন্নয়ন তখনই সম্ভব যখন প্রতিটি নাগরিক সমান সুযোগ পায়। তিনি সরকার, বেসরকারি খাত ও সহযোগী সংস্থার যৌথ উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।

ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন বলেন, কর্মসংস্থানই মর্যাদা, ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার অন্যতম মাধ্যম।

বিডিডিএন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশির কবির বলেন, এই জব ফেয়ার অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র গড়ে তোলার একটি বাস্তব অগ্রগতি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিডিএন বোর্ড সদস্য ও বিইএফ সভাপতি ফজলে শামীম এহসান, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ডেসিগনেট ম্যাক্স টুনিয়ন এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন। তাঁরা অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার তৈরির উদ্যোগকে স্বাগত জানান। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন