এনবিআরের ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন’ সনদ অর্জন করল সোনালী ব্যাংক
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন’ সনদ অর্জন করেছে সোনালী ব্যাংক পিএলসি। ২০২৪-২৫ করবর্ষে অনলাইনে সর্বোচ্চ আয়কর রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠান হিসেবে কর প্রদান ও সুশাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য এ সম্মাননা পেয়েছে ব্যাংকটি।
স্বীকৃতিপ্রাপ্ত পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক এ গৌরব অর্জন করে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এনবিআর আয়োজিত “Bangladesh Single Window” অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খানের হাতে এ সনদ ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ড. আনিসুজ্জামান চৌধুরী।
এ অর্জন প্রসঙ্গে সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান বলেন, ২০২৪ সালের অক্টোবরে এনবিআর কর্তৃক ব্যাংক কর্মকর্তাদের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর সোনালী ব্যাংক দ্রুত উদ্যোগ নেয়। অনলাইন প্রশিক্ষণ, হেল্প ডেস্ক, ভিডিও টিউটোরিয়াল ও নিয়মিত তদারকির মাধ্যমে সকল কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে রিটার্ন দাখিলে সম্পৃক্ত করা হয়।
তিনি আরও বলেন, “এই অর্জন আমাদের ডিজিটাল রূপান্তরের প্রতিশ্রুতি এবং Good Governance Towards Progress মূলমন্ত্রের সফলতার প্রতীক। সামনে আমরা Unlocking New Horizons এর মাধ্যমে আমানতকারী, গ্রাহক ও স্টেকহোল্ডারদের আরও উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইকবাল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে

