রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯
দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচি। লিড ব্যাংক হিসেবে এ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাজশাহী কারা ট্রেইনিং একাডেমি অডিটোরিয়ামে এবং ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ। দুদিনব্যাপী কর্মসূচিতে সেমিনার, আলোচনা, প্রদর্শনী ও প্রচারণার মাধ্যমে বিশেষ করে বাংলা কিউআর-এর ব্যবহার এবং অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এটি ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবে।
উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান, পরিচালক মো. শরাফত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক রাফেজা আক্তার কান্তা। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন।
দুদিনব্যাপী কর্মসূচিতে গ্রাহক সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণা, ক্যাম্পেইন ও রোড-শো অনুষ্ঠিত হয়। পাশাপাশি ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক নিয়ে সেশন পরিচালনা করা হয়। আয়োজনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের এ ধরনের উদ্যোগের প্রশংসা জানিয়ে ভবিষ্যতেও অনুরূপ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণকে আয়োজকরা আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে

