ইউএস-বাংলার ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭
ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মালদ্বীপে তিনদিনব্যাপী ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ আয়োজন করেছে। এতে বাংলাদেশ থেকে ৩০০-এর বেশি ট্রাভেল এজেন্ট অংশ নেন। একক কোনো এয়ারলাইন্স কর্তৃক এক দেশ থেকে অন্য দেশে বিপুল সংখ্যক এজেন্ট নিয়ে আয়োজনের এ ধরনের উদ্যোগকে বিশ্বে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
১৯ সেপ্টেম্বর দু’টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে অতিথিরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের রাজধানী মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ জন ট্রাভেল এজেন্টকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকার করে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় স্থান পায় শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় স্থান অর্জন করে গোযায়ান লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ইউএস-বাংলা ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করার পর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীসেবা দিয়ে আসছে। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে রয়েছে ২৪টি উড়োজাহাজ, যার মধ্যে দুটি এয়ারবাস ৩৩০-৩০০। শিগগিরই বহরে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ যোগ হবে। এছাড়া সৌদি আরবের মদিনা ও দাম্মামে নতুন রুট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও জানান, আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ২০টি নতুন উড়োজাহাজ যোগ করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রতি বছর নিজেদের অর্থায়নে ৩০ জন পাইলট ও ৩০ জন ইঞ্জিনিয়ার তৈরি করার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন শফিকুল ইসলাম, আবুল খায়ের (ঢাকা), মোহাম্মদ আবু জাফর (চট্টগ্রাম), জহিরুল কবির চৌধুরী (সিলেট), আকবর আলী (রাজশাহী), জহুরুল ইসলাম (সৈয়দপুর), সাইদুল হক বাপ্পি (যশোর) ও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কক্সবাজার)।
২১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে

