Logo

কর্পোরেট

ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন-ব্র্যাক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৮:০২

ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন-ব্র্যাক

ছবি : বাংলাদেশের খবর

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে বিষয়টি নিয়ে এ ২ প্রতিষ্ঠানের মধ্যে ২টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

এসএমই ফাউন্ডেশনের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার এবং ব্র্যাকের পক্ষে ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম সরদার এবং ব্র্যাকের সহযোগী পরিচালক অমিত কান্তি সরকার।

সমঝোতা অনুযায়ী, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য ডেটাবেজ তৈরি, আর্থিক অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন, বাজার সংযোগ, ক্লাস্টার উন্নয়ন, কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পুনর্বাসন কার্যক্রমে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, ‘দেশে প্রায় ১ কোটি ১৮ লাখ সিএমএসএমই উদ্যোক্তার ৭০ ভাগই ঢাকার বাইরে। ফাউন্ডেশনের নিজস্ব আঞ্চলিক অফিস না থাকায় ব্র্যাকের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক আমাদের কার্যক্রম বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।’

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে সারা দেশের প্রায় ২০ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে বিভিন্ন কর্মসূচির আওতায় এনেছে, যাদের ৬০ শতাংশই নারী। ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং ও প্রণোদনা কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১১ হাজার উদ্যোক্তার মধ্যে ১ হাজার কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের ১ কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের। শিল্প খাতে মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ আসে এই সিএমএসএমই খাত থেকে। 

বর্তমানে দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। জাতীয় শিল্পনীতি ২০২২, এসএমই নীতিমালা ২০১৯ এবং এসডিজি ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এএইচএস/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন