সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টাঙ্গাইলের সরকারি সা'দত কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য একটি বাস প্রদান করেছে পূবালী ব্যাংক পিএলসি।
এ উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান মিয়ার নিকট আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেক সংসদ সদস্য মোরশেদ আলী খান পন্নী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত কুমার সাহা, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মো. রবিউল আলম, ব্যাংকের টাঙ্গাইল অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ বেল্লাল হোসেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আবদুল্যাহ তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবহন কমিটির আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, কলেজের শিক্ষকবৃন্দ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করেনা, এর বাহিরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। এরই প্রেক্ষিতে সরকারি সা'দত কলেজের জন্য পূবালী ব্যাংক একটি বাস অনুদান হিসেবে প্রদান করেছে।
তিনি বলেন, এই অনুদান অনাগত দিনগুলোতে ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতির সেতুবন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসাবে কাজ করবে।
সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান মিয়া পূবালী ব্যাংকের এই অনুদানের জন্য ধন্যবাদ জানান। - সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

