স্মার্ট বৈশ্বিক কমিউনিটি গঠনে আইএসডিতে ‘ভয়েস অব চেইঞ্জ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১
সম্প্রতি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) দেশের প্রযুক্তি খাতের নেতৃবৃন্দ, সফল উদ্যোক্তা এবং সৃজনশীল পেশাজীবীদের অংশগ্রহণে ‘ভয়েস অব চেইঞ্জ’ শীর্ষক একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করা এবং বৈশ্বিক সুযোগগুলো কাজে লাগানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া পাঁচজন বিশিষ্ট বক্তার মধ্যে তিনজনই ছিলেন এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, যা বর্তমান শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করে।
আলোচনায় বক্তারা তাদের বহুমুখী অভিজ্ঞতার আলোকে শৃঙ্খলা, সৃজনশীলতা এবং ডিজিটাল দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। টরন্টো-ভিত্তিক ডোরড্যাশের ইঞ্জিনিয়ারিং লিডার ও ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় স্থান পাওয়া শেহজাদ নূর তাউস তার বক্তব্যে শৈশবে কোডিং শেখার গুরুত্ব উল্লেখ করে বলেন যে, সময়ের আগে কোনো দক্ষতা অর্জন করলে তা ক্যারিয়ারে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। অন্যদিকে, মিস ইউনিভার্স বাংলাদেশ আনিকা আলম পেশাগত ও সৃজনশীল পরিচিতি বৃদ্ধিতে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহারের ওপর জোর দেন। এছাড়া প্যানেল আলোচনায় উদ্যোক্তা নাহিলা হেদায়েত, ফিটনেস অ্যাডভোকেট রাওয়ান চৌধুরী এবং অর্থনীতিবিদ সালসাবিনা স্বর্ণা ক্যারিয়ার গঠন, শারীরিক ও মানসিক সুস্থতা এবং নির্দিষ্ট কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইএসডির পরিচালক স্টিভ ক্যাল্যান্ড-স্কোবল এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে জানান, প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যই প্রমাণ করে যে আইএসডি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও বিশ্বমানের যোগ্য করে গড়ে তুলছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট (আইবি) কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক মঞ্চে সফল হওয়ার জন্য প্রস্তুত করছে। এসটিএস গ্রুপের মালিকানাধীন এই স্কুলটি ভবিষ্যতেও অ্যালামনাই ও কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীদের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা করছে। মূলত উন্নত প্রযুক্ত ও আন্তর্জাতিক মানের শিক্ষার মাধ্যমে একটি স্মার্ট বৈশ্বিক কমিউনিটি গড়ে তোলাই আইএসডির মূল লক্ষ্য। সংবাদ বিজ্ঞপ্তি
আইএইচ/

