Logo

কর্পোরেট

১৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহারকে ইউএস-বাংলার সম্মাননা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২

১৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহারকে ইউএস-বাংলার সম্মাননা

বিশ্বের ১৮৪টি দেশে বাংলাদেশের পতাকা উড়িয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন নাজমুন নাহার। ইতিহাসের এই গৌরবোজ্জ্বল অর্জনের স্বীকৃতি হিসেবে তাকে ‘ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড’ উপাধিতে ভূষিত করেছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

প্রথম বাংলাদেশি হিসেবে নাজমুন নাহার এই বিরল কীর্তি গড়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বের প্রথম মুসলিম নারী, যিনি এত বিস্তৃত পরিসরে জাতীয় পতাকা হাতে বিশ্বভ্রমণ সম্পন্ন করেছেন।

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নাজমুন নাহারের হাতে এই সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এবং হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নাজমুন নাহারের এই ঐতিহাসিক যাত্রা কেবল ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সাহস, ঐক্য, শান্তি এবং পরিবেশগত দায়িত্ববোধের এক শক্তিশালী বার্তা বহন করে। সীমানা পেরিয়ে তার এই অভিযাত্রা বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনার উজ্জ্বল প্রতিফলন ঘটিয়েছে।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানায়, যারা জাতীয় গর্ব, সাহসিকতা ও বৈশ্বিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করেন, তাদের সম্মান জানানো প্রতিষ্ঠানের অঙ্গীকারের অংশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, নাজমুন নাহারের এই অর্জন বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে তুলে ধরতে অনুপ্রাণিত করবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সম্মাননা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর