ভাষার মাসে ইউল্যাবে সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ক সেমিনার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০
ছবি : বাংলাদেশের খবর
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘ভাষা, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ক সেমিনার ২০২৬ (পর্ব–১)’ গত ৫ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
ভাষার মাস ফেব্রুয়ারি, মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ এবং চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউল্যাব ক্যাম্পাসে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারটি চারটি সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক বেগম আকতার কামাল ‘মুসলিম সাহিত্য-সমাজ : নারীর শিক্ষা ও সাহিত্যিক পরিসর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
দ্বিতীয় সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার ‘বাংলাদেশের আদিবাসী ভাষা ও সংস্কৃতি’ নিয়ে আলোচনা করেন।
তৃতীয় সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা ‘ঋত্বিক ঘটক ও থিও এনজেলোপলসের চলচ্চিত্র : তুলনামূলক পাঠ’ বিষয়ে বক্তব্য দেন। চতুর্থ ও শেষ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি ‘বাংলাদেশের সাহিত্য : পরিপ্রেক্ষিত ও প্রবণতা’ বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে ইউল্যাবের শিক্ষক, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন। আলোচকরা ভাষা, সাহিত্য ও চলচ্চিত্রের পারস্পরিক সম্পর্ক ও সমকালীন প্রেক্ষাপটে এর গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকদের মতে, ভাষার মাসে এই আয়োজন ভাষা ও সংস্কৃতি চর্চার নতুন পরিসর তৈরি করেছে।
এআরএস

