Logo

কর্পোরেট

আকিজ এগ্রো ও চীনের উদ্যোগে কিশোরগঞ্জে হচ্ছে মৎস্য খামার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৭:৩৯

আকিজ এগ্রো ও চীনের উদ্যোগে কিশোরগঞ্জে হচ্ছে মৎস্য খামার

কিশোরগঞ্জে আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক এবং চীনের আনহুই নিউ রেডি কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে আধুনিক মৎস্য প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের রামদিয়া গ্রামে প্রায় ১১০ একর আয়তনের মৎস্য খামার প্রকল্পের উদ্বোধন করেন, আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী উম্মি মনোয়ারা বেগম।

আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, প্রযুক্তিগত সহযোগী প্রতিষ্ঠান চীনের আনহুই নিউ রেডি কোম্পানি লিমিটেডের পক্ষে কোম্পানির ডিরেক্টর মিস্টার বাও হাইসিন, আকিজ ভেঞ্চারের সিইও জহুরুল আলম বিজনেস অ্যান্ড মো. মারুফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উম্মে মনোয়ারা বেগম বলেন, দেশে অনেক জনপ্রিয় ও সুস্বাদু মাছ সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে। পাশাপাশি দূষণের ফলে মাছ হারাচ্ছে তাদের পুষ্টিগুণ। দেশীয় প্রজাতির মাছকে আগামী প্রজন্মের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ উপায়ে সংরক্ষণ করা দরকার এখনই।

এ প্রকল্পের মাধ্যমে মাছ উৎপাদন, সংরক্ষণের পাশাপাশি এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের ভূমিকা রাখবে বলেও আশা করেন তিনি।

আকিজ ফিঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক এবং চীনের নিউ রেডি কোম্পানি লিমিটেড যৌথ উদ্যোগ বাংলাদেশের মৎস্য শিল্পের জন্য একটি মাইলফলক। এতে করে দেশীয় মাছের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের মাছের সম্প্রসারণ ঘটবে। সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।’

 নিরাপদ খাদ্যকে প্রতিপাদ্য ধরে তা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্প কাজ করবে বলেও আশা করেন তিনি। পরে আকিজ কোম্পানি এবং চীনের আনহুই নিউ রেডি কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের খবর/কেএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন