চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ডিবিএল ও ব্রাইট সিরামিকসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৫:৪৬
গাজীপুরে তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ও গালা নাইট অনুষ্ঠিত, সম্মাননা পেলেন সেরা ডিলার, বিক্রয়কর্মী ও সহায়ক দলের সদস্যরা
ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা করে শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে পৌঁছানোর প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬ আয়োজন করেছে ডিবিএল ও ব্রাইট সিরামিকস। ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ স্লোগানে গত ১৯ থেকে ২১ নভেম্বর গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে বিগত বছরের ব্যবসায়িক অর্জন ও সীমাবদ্ধতা পর্যালোচনার পাশাপাশি বাজারের পরিবর্তন, গ্রাহকের চাহিদা, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মূল বিজনেস কনফারেন্স ও গালা নাইট।
এতে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মো. সোহেল রানা তালুকদারসহ গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদাররাও সম্মেলনে অংশ নেন।
আলোচনায় গত এক বছরে ব্যবসা পরিচালনায় নানা প্রতিকূলতার বিষয় উঠে আসে। বিশেষ করে গ্যাসসংকট, উৎপাদন ও পরিচালন ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহ ব্যবস্থার চাপ এবং বাজারের তীব্র প্রতিযোগিতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে প্রতিষ্ঠান দুটিকে। পাশাপাশি গ্রাহকের পরিবর্তিত পছন্দ ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পণ্য ও সেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব প্রতিকূলতার মধ্যেও কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসায়িক অগ্রগতি ধরে রাখার বিষয়টি তুলে ধরেন বক্তারা।
সম্মেলনে ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের অবদান বিশেষভাবে গুরুত্ব পায়। ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের বলেন, “কঠিন সময়ে আমাদের ডিলার পার্টনাররা পাশে ছিলেন, বাজারের চাহিদা বুঝে কাজ করেছেন এবং ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ওপর আস্থা রেখেছেন। তাঁদের সহযোগিতা ছাড়া আমাদের এই অগ্রগতি সম্ভব হতো না।”
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়টিও সম্মেলনে আলোচনায় আসে। এ সময় প্রতিষ্ঠানের টাইলচক ও নিউরোটাইলস উদ্যোগ তুলে ধরা হয়। টাইলচক প্রকল্পের আওতায় উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য উপকরণ পুনর্ব্যবহার করে শিশুদের জন্য চক তৈরি করা হচ্ছে। অন্যদিকে, নিউরোটাইলস উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরির প্রচেষ্টা চালানো হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে টেকসই ও সামাজিকভাবে দায়িত্বশীল ব্যবসা পরিচালনার বিষয়টি গুরুত্ব পায়।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল গালা নাইট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের বিক্রয়কর্মী, সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার এবং কারখানার কর্মকর্তা-কর্মচারী ও সহায়ক দলের সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ডিলারদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ জানতে বিশেষ ফিডব্যাক পর্বের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে গালা নাইটের সমাপ্তি ঘটে।
তিন দিনের এ আয়োজনে বিজনেস কনফারেন্স ও পুরস্কার বিতরণের পাশাপাশি ফুটবল ম্যাচ, দলীয় ও বিনোদনমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা ছিল। সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণকারীরা রিসোর্টে বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি কারখানা পরিদর্শন করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের কর্মকর্তা, ডিলার এবং ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা করে ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ পৌঁছানোর লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে।
বাংলাদেশেরখবর/আরকে

