ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার : উপদেষ্টা হাসান আরিফ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:০৯
ছবি : বাংলাদেশের খবর
ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য জানিয়েছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ। তিনি বলেন, ভারতের ভিসা দেওয়ার ব্যাপারে তাদের বিধি-নিষেধ রয়েছে। তারা ভিসা দেবে নাকি দেবে না, এটা তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পর্যটন উপদেষ্টা বলেন, শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুবসমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
হাসান আরিফ আরও বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হবে।
এ সময় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অন্যতম মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জিইউ/এটিআর

