৪ ঘণ্টা পর ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল শুরু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:৫০
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার জুরাইন রেলক্রসিং থেকে সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। এতে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ঢাকা-নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন।
এর আগে শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে রিকশাচালকরা ব্যাটারিচালিত রিকশা সড়কে চলতে দেওয়ার দাবিতে রেললাইন অবরোধ করেন। এ সময় পুলিশ ও রিকশাচালকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে চালকদের ছত্রভঙ্গ করে দেয়।
রিকশা চালকরা রেললাইন ছেড়ে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রেল চলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার হাইকোর্ট ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দেন। এর পর থেকে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা।
ডিআর/এটিআর

