বাউফলে বাসে অভিযান, হাজার কেজি চাপলি-জাটকা ইলিশ জব্দ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৯
পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ চাপলি ও জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, উদ্ধার হওয়া মাছগুলো ঢাকা অভিমুখী মুন পরিবহন, অন্তরা পরিবহন ও বাউফল ট্রাভেলস বাসে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। অভিযানের সময় বাউফল ট্রাভেলস বাসের সুপারভাইজার ফরিদ উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুসলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে অন্য দুটি পরিবহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযানের পর জব্দকৃত মাছ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেওয়ার পথে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষজন তা ছিনিয়ে নেয়। ফলে মৎস্য বিভাগের পক্ষ থেকে মাছ সংরক্ষণ বা ধ্বংস করা সম্ভব হয়নি।
এদিকে, বাসযাত্রীরা অভিযোগ করেন, নিয়মিত এ মাছ পাচারের কারণে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা জানান, পটুয়াখালীর গলাচিপা, দশমিনা ও বাউফল থেকে রাতের বাসে বিপুল পরিমাণ মাছ ঢাকা নেওয়া হয়। যার তীব্র গন্ধের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ করা হলেও কার্যকর কোনো সমাধান মেলেনি।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহাবুবুর আলম ঝান্টা বলেন, নিষিদ্ধ মাছ শিকার ও পাচার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একই রুটের মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন থেকে প্রায় ৫৬০ কেজি নিষিদ্ধ চাপলি ও জাটকা ইলিশ উদ্ধার করেছিল মৎস্য বিভাগ। এছাড়া ২৫ ফেব্রুয়ারি বাউফল ট্রাভেলস বাসে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ১২০ কেজি মাছ জব্দ করা হয়। এ সময় ইউএনও সেই মাছ স্থানীয়দের মধ্যে বিতরণ করেন। তবে বাস সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আরিফুল ইসলাম সাগর/এমবি

