বরিশালে বসেছে গণ অধিকার পরিষদের ‘স্বস্তির বাজার’
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৫
বরিশাল শহরে চালু হয়েছে গণ অধিকার পরিষদের ‘স্বস্তির বাজার’। গত ৫ আগস্ট সরকার পতনের পর ভেঙে ফেলা ট্রাফিক পুলিশ বুথের পড়ে থাকা খালি জায়গায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) শুরু হয় এই বাজার। শুক্রবার নগরীর চৌমাথায়ও বসতে দেখা গেছে তাদেরকে।
পর্যায়ক্রমে শহরের বিভিন্ন জায়গায় ‘স্বস্তির বাজার’ চালু হবে বলে জানিয়েছেন বরিশাল সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সবুজ হাওলাদার ও আমিনুল ইসলাম। তাদের দাবি, এই বাজারের মাধ্যমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাজারে পণ্যের উর্ধ্বগতির প্রভাব কিছুটা কমানো সম্ভব হবে।
তারা বলেন, ‘বর্তমান বাজার পরিস্থিতি অনেকটাই অস্থিতিশীল, তাই আমরা সাধারণ মানুষের স্বস্তির জন্য এই বাজারের আয়োজন করেছি। এখানে তারা প্রয়োজনীয় পণ্য কম দামে কিনতে পারবেন।’
এই বাজারে বিভিন্ন কাঁচা পণ্য সাধারণ বাজারের তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে। বাজারে যেখানে কাঁচা মরিচ ১১০ টাকা, এই বাজারে তা ৯০ টাকা। পেঁপে ৭০ টাকার জায়গায় ৩৫ টাকা, ১১০ টাকার সিম ৮০ টাকায়, বেগুন ৮০ টাকার বদলে ৬০ টাকায় এবং ফুলকপি ৯০ টাকার বদলে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে।
একজন ক্রেতা কামরুজ্জামান বলেন, ‘আমি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। কিন্তু এখানে এসে আমি অনেক কম দামে পণ্য কিনতে পেরে সত্যিই আনন্দিত।’
আরেকজন ক্রেতা প্রভাষক মিজানুর রহমান জানান, ‘এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।’
গণ অধিকার পরিষদের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
জেআই জুয়েল/এমএইচএস/এনআর/

