ফেনীর পরশুরামে বাবার গায়ে গরম তেল নিক্ষেপ করে ঝলসে দিয়েছে ১৩ বছরের এক কিশোরী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরশুরাম পৌরসভার পশ্চিম বাসপদুয়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তি মো. নুরুন্নবী (৩৫) ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নুরুন্নবীর মেয়ে ফাতেমা আক্তার নিহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পরশুরাম মডেল থানা পুলিশ।
দগ্ধ নুরুন্নবী জানান, শুক্রবার দুপুর ৩টার দিকে তিনি বিছানায় শুয়ে ছিলেন। এ সময় হঠাৎ তার মেয়ে নিহা উত্তপ্ত সয়াবিন তেল ছুড়ে তার মুখ ও শরীরের ওপর ঢেলে দেয়। এতে তার মুখসহ শরীরের একাংশ ঝলসে যায়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেশীরা দাবি করছেন, নুরুন্নবীর ওপর হামলার সঙ্গে তার মেয়ে লামিয়া হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে। উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে পরশুরাম পৌরসভার পশ্চিম বাঁশপদুয়া এলাকার কলাবাগানে নিজ বাসায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় সাত বছর বয়সী লামিয়া।
সেদিন হেলমেট পরা দুই যুবক বাসায় ঢুকে স্কচটেপ দিয়ে লামিয়ার হাত-পা বেঁধে, কালো কাপড় দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করে। তবে বড় বোন নিহা কৌশলে পাশের ঘরে ঢুকে দরজা আটকে প্রাণে বেঁচে যায়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বাংলাদেশের খবরকে জানান, বাবাকে গরম তেল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত কিশোরী ফাতেমা আক্তার নিহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি লামিয়া হত্যাকাণ্ডের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এম. এমরান পাটোয়ারী/এটিআর

