Logo

সারাদেশ

অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার নয় : মির্জা ফখরুল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩১

অ
অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার নয় : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২২ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত ‘ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন : আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘হঠাৎ করেই কোনো কিছু পরিবর্তন করে ফেললে হবে না। সেটা কতটা টেকসই, সেই চিন্তাও করতে হবে। তার জন্য গণতান্ত্রিক পথে যেতে হবে। তারা যদি বলত, বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করত। আমাদের কিছু বলার ছিল না। এটা (অন্তর্বর্তীকালীন সরকার) বিপ্লবী সরকার নয়, সাংবিধানিক সরকার।’

তিনি বলেন, ‘আপিল বিভাগ থেকে এই সরকারের বৈধতা নেওয়া হয়েছে। ওটাকে ধরে রেখেই আমাদের এগোতে হবে।’

সংবিধান পরিবর্তন কীভাবে করবেন? প্রশ্ন করে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছে। তারা বলছে সংবিধানও সংস্কার করতে হবে। সংবিধান পরিবর্তন কীভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই সংবিধান সংস্কার হবে না। ওটা করতে গেলে সাংবিধানিক কিংবা সংসদের প্রতিনিধি লাগবে। সেটার জন্য ধৈর্য্য ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে প্রধান যে জিনিসটা দরকার, সেটি হলো নির্বাচন। একদিকে যেমন পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তেমনি নির্বাচনের জন্যও মানুষ প্রাণ দিয়েছে। তাই নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

আমাদের সামনে বড় ক্রান্তিকাল উল্লেখ করে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি। আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। আমাদেরকে সঠিকভাবে রূপান্তর ঘটাতে হবে। যে রূপান্তরের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ, চেতনাকে ফিরিয়ে এনে সত্যিকারের গণতান্ত্রিক, মানবিক মূল্যবোধ, কল্যাণকর দেশ গড়তে পারি। এটাই আমাদের সামনের লক্ষ্য।’

এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন