অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
স্বর্ণালংকারসহ মালামাল লুট!
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৬:২০
গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ৯নং ওয়াড নয়াপাড়া গ্রামে রৌশন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সৌদি প্রবাসী রৌশন আলীর বাড়ির দেওয়াল টপকে মেইন গেইট ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ১০-১৫ জনের একটি ডাকাত দল । মুহূর্তেই ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে মুখোশধারীরা। একপর্যায়ে বাড়ির সবার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। পরে আলমারি ও ড্রয়ার ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ২ লাখ টাকা, ৪টি মোবাইল ফোন, কানের দুলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় ডাকাতরা। পরে ভুক্তভোগীদের ডাকচিৎকার শুনে এলাকাবাসী দৌড়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর মডেল থানা পুলিশ।
বাড়ির মালিক রৌশন আলীর ছোট ভাই নাজমুল বলেন, গভীর রাতে একসঙ্গে ১০-১৫ জন দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। প্রথমে তারা আমার বোনের ঘরে যায়, সেখান গিয়েই তাকে অস্ত্রের মুখে জিম্মি করলে পরবর্তীতে আমাদেরও জিম্মি করে ফেলে। এরপর ৪ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ২ লাখ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। আমার সারাজীবনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতদল। আমি এর বিচার চাই, পাশাপাশি আমার খোয়া যাওয়া সব সম্পত্তি ফেরতও চাই।
রৌশন আলীর ছোটবোন আফসানা বলেন, আমার মা অসুস্থ। খবর পেয়ে গতকাল আমরা তিন বোন বাপের বাড়ি আসি। রাত ১১টার খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ রাত আড়াইটার দিকে ১০-১৫ জন মুখোশ পরিহিত ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের দেখে আমি চিৎকার করি।এরপর তারা আমাদের গলায় ধারালো অস্ত্র ঠেকায়। এ সময় ঘরের ট্যাংকের তালা ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার, আমার মায়ের চিকিৎসার জন্য নগদ ২ লাখ টাকা, ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
এমএইচএস

