Logo

সারাদেশ

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুন, প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৫

অ


গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  নিহত তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা ছয়টি বাসে শ্রীপুরে একটি পিকনিক স্পটে যাচ্ছিলেন। পথে উপজেলার উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানের সময় ওপরে বিদ্যুতের তার থেকে গাড়ির ভেতরে আগুন ধরে যায়। এ সময় গাড়ির ভেতর থেকে ধোঁয়া উঠতে থাকে। আগুন আতঙ্কে দ্রুত নামতে গিয়ে এক শিক্ষার্থীর শরীরে আগুন লেগে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হন পাঁচ শিক্ষার্থী। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আরাফাত হোসেন বলেন, ছয়টি দোতলা বিআরটিসি বাস ও তিনটি মাইক্রোযোগে ৪৬০ জন শিক্ষক-শিক্ষার্থী ‘মাটির মায়া’ রিসোর্টে যাওয়ার পথে উদয়খালী এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছালে একটি দোতলা বাসে ( ঢাকা মেট্টো ব-১৫৭০৩৮) রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে লেগে বিদ্যুৎতায়িত হয়।

এতে বাসে থাকা ৬ শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে মাহিন, জুবায়ের ও সাকিন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে।’


এটিএস/এমইউ/এনআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন