Logo

সারাদেশ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৩:২৫

অ
মাদক মামলায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার হত্যার একাধিক মামলাসহ অন্তত ৮টি মামলার আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার মধ্যে একটি মাদক মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

রোববার (১ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন (৪৮) আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন কন্ট্রাক্টরের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলা ও মাদক মামলা সহ অন্তত ৮টি মামলা রয়েছে। সে এলাকার কুখ্যাত চাঁদাবাজ ও ভূমিদস্যু বলেও জানায় ডিবি পুলিশ।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, ‘দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

হাসান ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন