বনের গাছ কেটে পাচারকালে শতাধিক গজারি জব্দ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৪:৩৮
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সংরক্ষিত বন থেকে গাছ কেটে পাচারের সময় একটি কাভার্ডভ্যানসহ শতাধিক গজারি গাছ জব্দ করা হয়েছে।
শনিবার (০১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোসিঙ্গা ইউনিয়নের ভুলেশ্বর এলাকা থেকে গাছগুলো উদ্ধার করা হয়। শ্রীপুর রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মোকলেছুর রহমানের নেতৃত্বে বন বিভাগ ও পুলিশ অভিযানে অংশ নেয়।
জানা গেছে, গভীর রাতে শ্রীপুর রেঞ্জের গোসিংগা বিটের পাকিয়াব সাব বিটের ভুলেশ্বর এলাকায় দুর্বৃত্তরা একটি কাভার্ডভ্যানে শতাধিক গজারি গাছ পাচারের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শ্রীপুর রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মোকলেছুর রহমান রাতেই অভিযান পরিচালনা করেন। এ সময় কাভার্ডভ্যানে ভর্তি গজারি গাছ জব্দ করা হয়।
শ্রীপুর রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মোকলেছুর রহমান জানান, সংরক্ষিত বনবিভাগের গাছ পাচার করছিল একটি চোরাই সিন্ডিকেট। তারা কাভার্ডভ্যানে গজারি গাছ পাচারের চেষ্টা করছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ও সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। পরে কাপাসিয়া থানার পুলিশের সহযোগিতায় গাছ ও গাড়ি রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোহেল/এমবি

