Logo

সারাদেশ

বান্দরবানে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৪

অ


বান্দরবানে দীর্ঘ ২৫ বছর পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নৌকাবাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জোন কমান্ডার মাহমুদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সকাল সাড়ে ১০টা দিকে উজানী পাড়া সাঙ্গু নদীর ঘাট থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। জেলা শহরের বিভিন্ন পাড়া থেকে যুবক যুবতীরা দল বেঁধে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি নৌকায় ৮ জন মাঝি বৈঠার তালে গান গেয়ে বেয়ে যায় তাদের নৌকা। 

এদিকে, এই নৌকাবাইচ প্রতিযোগিতাকে ঘিরে সাঙ্গু নদীর তীরে পাহাড়ি-বাঙালিসহ পর্যটকদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়। নেচে-গেয়ে এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন সবাইই। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরা। শুধু নৌকাবাইচ নয়, সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত সাপ্তাহব্যাপী এ অনুষ্ঠানে রয়েছে তৈলাক্ত বাঁশ আরোহন, টেবিল টেনিস, ব্যাটমিন্টন, ক্রিকেট, ফুটবল, কাবাডি, বলি খেলাসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন পর এই প্রতিযোগিতার আয়োজন করেছে। তাই আমরা দল বেঁধে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এসেছি। অংশগ্রহণ করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে, আমরা খুবই খুশি। আমরা চাই এ ধরনের প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হোক।

দর্শনার্থীরা বলেন, আমাদের গ্রামবাংলার এসব প্রতিযোগিতা অনেকটা হারিয়ে যাওয়ার পথে। সাঙ্গু নদীতে এ ধরনের প্রতিযোগিতা দেখা হয়নি। এ প্রথম দেখছি, সবাই মিলে অনেক আনন্দ করছি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতা তুলে ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা চাই ঐতিহ্য রক্ষার্থে এ ধরনের প্রতিযোগিতা বেশি বেশি হোক।’

যুবসমাজকে ক্রীড়ামুখী ও মাদক থেকে দূরে রাখতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটি আহ্বায়ক নিনিপ্রু মারমা। তিনি বলেন, আমাদের যুবকসমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। অনেকেই জানে না নৌকাবাইচ কী, তাই পুরানো ঐতিহ্য ধরে রাখতে ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে ব্যতিক্রমী এই আয়োজন।’ আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮ টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে ৭টি মহিলা দল। আগামী ৩০ নভেম্বর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ সাপ্তাহব্যাপী এ মেলা। 


এসকেএন/এমইউ/এনআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন