আত্রাইয়ে রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৮:৪৬
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ মার্চ) সকালে সাহেবগঞ্জ উপজেলা পরিষদ মার্কেটের নিচতলায় মাংস, পেঁয়াজ, আলু, তৈল, চিনি, ডাল, চাল ও তরমুজ নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
তিনি বলেন, ইতোপূর্বে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়। পবিত্র রমজান উপলক্ষে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং প্রান্তিক, অসহায় ও খেটে খাওয়া মানুষ যাতে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সে বিবেচনায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের দিকনির্দেশনায় এ দোকান উদ্বোধন করা হলো।
তিনি আরও বলেন, একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি গরুর মাংস কিনতে পারবেন। এ সময় অসাধু ব্যবসায়ীরা যাতে অতিমুনাফা লাভের আশায় বাজারে সিন্ডিকেট তৈরি করতে না পারেন সে লক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রাখার ঘোষণা দিয়ে উপজেলার সর্বস্তরের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ অফিসার আবু আনাচ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
এমরান মাহমুদ প্রত্যয়/এমএইচএস

