শেরপুরের নকলার মজিদবাড়ি এলাকায় রুমানা আক্তার (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার টালকী ইউনিয়নের মজিদবাড়ী এলাকায় নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ নভেম্বর) রাতের কোনো এক সময়ে ঘরের স্মারকের সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত রুমানা মজিদবাড়ী এলাকার ওসমান মিয়ার মেয়ে এবং স্থানীয় নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওসমান মিয়ার মেয়ে রুমানা মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। সে কেন আত্মহত্যার মতো এমন ঘটনা ঘটাল, তা বলা মুশকিল। পুলিশি তদন্তে আত্মহত্যার আসল কারণ জানা যেতে পারে।’
পারিবারিক সূত্রে জানা গেছে, রুমানা প্রতিদিনের মতো শুক্রবার (২২ নভেম্বর) রাতে পরিবারের লোকজনের সাথে খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যান। শনিবার (২৩ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন রুমানার রুমে গিয়ে দেখেন, গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহালের পর বিষয়টিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে সে কেন আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’
এসএস/এমইউ

