দীর্ঘ ২৯ বছর পর চালু হয়েছে শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয় এ টার্মিনাল থেকে।
শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বাস চলাচল উদ্বোধন করেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, ১৯৯৫ সালে পৌরসভার উদ্যোগে আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। মাটি ভরাটের দীর্ঘদিন পর ২০০৯ সালে করা হয় টার্মিনাল ভবন নির্মাণ। পরপর আবারও ১০ বছর বিরতি দিয়ে ২০১৯ সালে শুরু করে বাকি কাজ সম্পন্ন করা হয় ২০২৩ সালে। এতদিন রাজনৈতিক নানা টানাপোড়েনে চালু করা সম্ভব হয়নি টার্মিনালটি।
অবেশেষে জেলার বাস মালিক-শ্রমিকদের সাথে দফায় দফায় বৈঠক করে শনিবার শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনালটি থেকে বাস চলাচল শুরু হয়েছে। আজ থেকে জেলার দূরপাল্লার সব বাস-কোচ এখান থেকেই চলাচল করবে বলে জানা গেছে।
জেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী বলেন, ‘এ টার্মিনাল থেকে বাস কোচ চলাচল করতে আমাদের দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। যাত্রীদের নিরাপত্তার বিষয়ে আমরা সবসময় দৃষ্টি রাখব। প্রশাসনকে সহযোগিতা করব। টার্মিনাল চালু হওয়ায় শহরের যানজটও কমে আসবে।’
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক তোফায়েল আহাম্মদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্যসচিব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এসএস/এমইউ

