Logo

সারাদেশ

ইফতারের পর ছুরিকাঘাত, যুবক নিহত

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৮:২৭

অ
ইফতারের পর ছুরিকাঘাত, যুবক নিহত

বগুড়া শহরের মালতিনগর খন্দকারপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পারভেজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আতিকুর (২৪) আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইফতারের পর মালতিনগর বগুড়া আর্ট কলেজের সামনের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে এবং আহত আতিকুর একই এলাকার আব্দুল হকের ছেলে।

বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহি জানান, একদল দুর্বৃত্ত পারভেজ ও আতিকুরের ওপর অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তারা রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন পারভেজের মৃত্যু হয়, আর আতিকুর এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

পারভেজের খালাতো ভাই মাসুদ রানা জানান, কিছু যুবকের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরেই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হতে পারে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, ‘পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

জুয়েল হাসান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন