শিক্ষককে হত্যার হুমকি, এপিপির কল রেকর্ড ভাইরাল
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৮:৪৪
অভিযুক্ত এপিপি জাহাঙ্গীর হোসেন
পটুয়াখালীর বাউফলে ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা জর্জ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও আইনজীবী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শিক্ষক আলতাফ হোসেন জানান, সম্প্রতি বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের জন্য প্রধান শিক্ষক জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আবেদন পাঠান। আইনজীবী জাহাঙ্গীর হোসেন সভাপতি হতে চাইলেও আবেদন না করায় তার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন।
তিনি আরও বলেন, ‘আমার অপরাধ শুধু আমি ডিসি অফিসে তালিকা জমা দিয়েছি। এর জন্য আমাকে খুনের হুমকি দেওয়া হলো! বিষয়টি আমি প্রধান শিক্ষককে জানিয়েছি এবং থানায় অভিযোগ করেছি।’
ভাইরাল হওয়া কল রেকর্ডটিতে শোনা যায়, আইনজীবী জাহাঙ্গীর হোসেন শিক্ষক আলতাফ হোসেনকে উদ্দেশ্য করে বলেন, ‘তোরে কোপাইলে কী হইবে? শালার পো শালা, তোরে ধইরা কইল্লাডা ছিইড়া ফালামু। তুই বাড়ির ধারে ছোট ভাই, সেইভাবে থাক।’ এরপর আরও বেশ কিছু অকথ্য গালাগাল করেন তিনি।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অডিও ভাইরাল হওয়া ভালো, এতে আমার কোনো সমস্যা নেই। সে গালমন্দ পেয়েছে বলেই তাকে গালাগাল করেছি। সে আমার ছোট ভাইয়ের কাছ থেকে বিমার জন্য ৩ লাখ টাকা নিয়েছে, কিন্তু ফেরত দেয়নি। তাই রাগের মাথায় এসব বলেছি।’
সভাপতি নির্বাচনের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখন সভাপতি হতে না পারলেও ছয় মাস পর হব। দল ক্ষমতায় এলে তখন ডিসির অনুমতিও লাগবে না। এটা বড় কোনো বিষয় নয়।’
ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘শুধু আলতাফ স্যারই নন, জাহাঙ্গীর হোসেন আমাকে নিয়েও কটূক্তি করেছেন এবং হুমকি দিয়েছেন। তবে সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এখতিয়ারভুক্ত, তাই আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না।’
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘শিক্ষক আলতাফ হোসেন থানায় জিডি করেছেন। আমরা জিডির কপি আদালতে পাঠাব। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলেছেন।
আরিফুল ইসলাম সাগর/এটিআর

